জিহাদুল ইসলাম,স্টাফ রিপোর্টার: ঢাকায় গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আজ বুধবার (২৪ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। সড়ক নিরাপত্তায় বৈশ্বিক উদ্যোগ ‘ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস)’ এর আওতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি) যৌথভাবে এ প্রশিক্ষণের আয়োজন করে। দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান। তিনি ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নের পাশাপাশি সড়কের বাম পাশের লেন সচল রাখা, উল্টো পথে যানবাহন চলাচল বন্ধ এবং নির্ধারিত স্থান ব্যতীত গাড়ি থামানো বন্ধে ট্রাফিক পুলিশকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি আরও বলেন, ঢাকার ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে শিগগিরই প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত রিকশা, ২০ বছরের অধিক পুরোনো, ফিটনেসবিহীন ও অকেজো যানবাহন চলাচল বন্ধ এবং যত্রতত্র গাড়ি থামানো বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এতে সড়কে যানজট কমার পাশাপাশি দুর্ঘটনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া, যানবাহনে জিপিএস সিস্টেম চালুর পরিকল্পনার কথাও তিনি জানান। মোঃ আনিছুর রহমান গাড়িচালকদের ট্রাফিক আইন ও নির্ধারিত গতিসীমা মেনে চলার পাশাপাশি বাম লেন সচল রাখা এবং যত্রতত্র গাড়ি না থামানোর আহ্বান জানিয়ে বলেন, চালক, মালিক ও সকল সড়ক ব্যবহারকারীর সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই নগরীর সড়ক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
শিরোনাম :
বিজ্ঞপ্তিঃ
ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
-
জিহাদুল ইসলাম - Update Time : ১০:৪৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- ১২৬ Time View
Tag :
জনপ্রিয় পোস্ট
