
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানার বিশেষ অভিযানে এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি চাকুও উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মো. সোলায়মান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানাধীন সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সুমন আহমদ (২৩) নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সুমন আহমদের পিতার নাম হেলাল মিয়া এবং মাতার নাম তহুরা বেগম। তার স্থায়ী ঠিকানা নেত্রকোনা জেলার মদন থানার ত্রিপন (জয় বাংলা বাজার) গ্রামে। বর্তমানে তিনি সিলেট সদর উপজেলার শামীমাবাদ আবাসিক এলাকার লিচু মিয়ার কলোনিতে বসবাস করতেন।
পুলিশ জানায়, সুমন আহমদ সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একটি মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত। এছাড়া সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় ২০১৫, ২০২২, ২০২৪ ও ২০২৫ সালে দায়ের হওয়া একাধিক মামলার রেকর্ড রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওয়াসিম আকরাম সাহান 










